সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বর্তমান অবস্থান নিশ্চিত হতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ। গণমাধ্যমে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর প্রকাশের পর এ বিষয়ে নিশ্চিত হতে ইন্টারপোলের কাছে তথ্য চাওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) থেকে ই-মেইলের মাধ্যমে ইন্টারপোলের কাছে বেনজীরের বর্তমান অবস্থান জানতে চাওয়া হয়।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবারই ইন্টারপোলে একটি ই-মেইল পাঠানো হয়েছে। এতে সাবেক আইজিপি বেনজীর আহমেদ কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি গণমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতাও যাচাই করতে চাওয়া হয়েছে।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, দুবাই থেকে কারামুক্ত হওয়ার পর গত ১৭ আগস্ট সেন্ট লুসিয়ায় যান বেনজীর আহমেদ। ওই প্রতিবেদনে সেন্ট লুসিয়ার পাসপোর্ট এবং দেশটিতে তার যৌথ বিনিয়োগ রয়েছে বলেও দাবি করা হয়েছে। এছাড়া গ্রোস আইসলেট এলাকায় তার একটি ফ্ল্যাট থাকার কথাও উল্লেখ করা হয়।
প্রতিবেদনটিতে সংশ্লিষ্ট সূত্রের বরাতে আরও দাবি করা হয়, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত থেকে জামিন পান বেনজীর। আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে এসব তথ্যের স্বাধীন সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
বেনজীর আহমেদের অবস্থান নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে নানা তথ্য প্রকাশিত হওয়ায় তার বর্তমান অবস্থান নিশ্চিত করতে ইন্টারপোলের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ পুলিশ। আন্তর্জাতিক পুলিশ সংস্থাটির কাছ থেকে তথ্য পাওয়ার পরই তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।