আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, “আমাদের ট্রাইব্যুনালের নিরাপত্তা আগের চেয়ে বাড়ানো হয়েছে। যখন প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শেষ পর্যায়ে চলে আসে কিংবা রায় ঘোষণার অপেক্ষায় থাকে, ঠিক সেই সময়ে এখানে নাশকতার চেষ্টা হতে পারে—এমন কিছু গোপন তথ্য আমাদের কাছে রয়েছে।”
তিনি জানান, ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের সদস্যরাই বর্তমানে নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন।
আমিনুল ইসলাম বলেন, বিচার কার্যক্রমের শেষ পর্যায়ে এসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্যই ট্রাইব্যুনাল এলাকায় বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরএন