আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চে বাধা এলেও কর্মসূচি সফল করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে ঢাকায় দলটির কার্যালয়ে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এ কথা বলেন।
এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করে বলেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনভোগান্তি নিরসন ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়েছে।
লংমার্চে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি সফল করতে হবে।
দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী জানান, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হবে। জনগণের ভোগান্তি যাতে না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে একটি নির্দিষ্ট লাইনে গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে।
এনসিপির নেতারা জানান, কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো ধরনের বাধা এলেও লংমার্চ সফলভাবে সম্পন্ন করা হবে।
-টিএস