দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবন থেকে ফেরার পথে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত দুই নেতার সমাধিস্থলে যান তিনি।
গাড়ি থেকে নেমে হুইলচেয়ারে বসে নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান মির্জা আব্বাস। পরে প্রয়াত দুই নেতার আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত করেন তিনি।
এর আগে বুধবার রাতে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফেরেন মির্জা আব্বাস। বৃহস্পতিবার দেশে ফেরার পর প্রথমবারের মতো জাতীয় সংসদে গিয়ে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এদিন প্রথমবারের মতো অংশ নেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। অধিবেশনে বক্তব্যও দেন তিনি।
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফেরার পর সংসদে যোগদান এবং পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারতের মধ্য দিয়ে বৃহস্পতিবারের কার্যক্রম শেষ করেন মির্জা আব্বাস।
আরএন