দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১০৭ জনের মৃত্যু হলো।
একই সময়ে নতুন করে ১ হাজার ১১০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৭৪০ জন।
বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।
চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ১০৭ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, তাদের মধ্যে নারী ৫৯ জন, যা মোট মৃত্যুর ৫৫ দশমিক ১ শতাংশ। অন্যদিকে পুরুষের সংখ্যা ৪৮ জন, যা ৪৪ দশমিক ৯ শতাংশ।
বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৬ জন, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ১৫ জন এবং সিটি করপোরেশনের বাইরের এলাকায় তিনজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া খুলনা বিভাগে ১৮ জন, ময়মনসিংহে ১২, বরিশালে ১০, চট্টগ্রামে সাত, রাজশাহীতে চার এবং রংপুর ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ২৮০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৩৫ হাজার ৪৩৩ জন।
আরএন