ঘুষ নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি ও পলাতক থাকার অভিযোগে পুলিশের তিন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ ও বরখাস্ত করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
অপসারিত কর্মকর্তা হলেন নেত্রকোনা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার ও রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সাবেক সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ রোকনুজ্জামান। চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৫ লাখ ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগে তিনি দণ্ডিত হয়েছেন।
অন্য দুই কর্মকর্তা হলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাশেদুল ইসলাম এবং পুলিশ স্টাফ কলেজের এএসপি মো. হাবিবুল্লাহ দালাল।
মো. হাবিবুল্লাহ দালাল ও মো. রাশেদুল ইসলাম অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা ও পলাতক থাকার অভিযোগে বিভাগীয় মামলায় দোষী সাব্যস্ত হন।
তদন্তে তিন কর্মকর্তার বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত হওয়ায় পিএসসির সুপারিশ ও রাষ্ট্রপতির অনুমোদনের পর তাঁদের বিরুদ্ধে গুরুদণ্ড কার্যকর করা হয়।
এসএফ