যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-এর প্রধান মোহন ভাগবতের একটি অনুষ্ঠান ঘিরে চরম হট্টগোল ও প্রতিবাদের ঘটনা ঘটেছে। বিশ্বজুড়ে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা দেওয়ার উদ্দেশ্যে ‘আহেড ফোরাম’ নামের একটি সংস্থা এই সমাবেশের আয়োজন করলেও স্থানীয় মানবাধিকার সংস্থা এবং নিউইয়র্কের মেয়র নিজেই এর তীব্র বিরোধিতা করেছেন।
প্রতিবাদকারীদের মতে, ভারতে সংখ্যালঘু মুসলিম ও খ্রিস্টানদের ওপর চলমান নির্যাতনের পেছনে আরএসএস-এর ভূমিকা নিয়ে প্রতিনিয়ত অভিযোগ উঠছে। তাই এই সংগঠনের প্রধানের মুখে শান্তির বার্তা গ্রহণযোগ্য নয়।
নিউইয়র্কের প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানী সরাসরি জানিয়েছেন, তিনি কোনো ধরনের বিদ্বেষমূলক বা উগ্র ভাবাদর্শের প্রচার সমর্থন করেন না। পাশাপাশি ‘হিন্দুস ফর হিউম্যান রাইটস’ নামের একটি সংগঠন স্পষ্ট করে দিয়েছে, মোহন ভাগবত ভারতের সাধারণ হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব করেন না।
আয়োজক সংস্থা ‘আহেড ফোরাম’ নিজেদের একটি সাধারণ সাংস্কৃতিক গোষ্ঠী হিসেবে দাবি করলেও অনুসন্ধানে উঠে এসেছে যে তাদের নেতাদের সঙ্গে আরএসএস-এর প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। মূলত ভারতে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের কারণে ক্ষুণ্ণ হওয়া ভাবমূর্তি উদ্ধার করতেই পশ্চিমা দেশগুলোতে এ ধরনের জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
(সূত্র: আল-জাজিরা)
-টিএস