‘চান্দাবিডি ডটকম’-এ তিন দিনে দেশের বিভিন্ন স্থান থেকে ৩৭৬টি চাঁদা দাবির অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে দাবি করা অর্থের পরিমাণ আট কোটি ৪৫ লাখ ১৮ হাজার ৪০১ টাকা।
বেনামে অভিযোগ গ্রহণকারী অনলাইন পাবলিক সাইট ‘চান্দাবিডি ডটকম’-এ সংগৃহীত তথ্য বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।
গতকাল শুক্রবার ‘চান্দাবিডি ডটকম’ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগভিত্তিক হিসাবে অভিযোগ ও দাবি করা অর্থ—উভয় ক্ষেত্রেই শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। ঢাকায় ১৫২টি অভিযোগে প্রায় পাঁচ কোটি ৪০ লাখ টাকা চাঁদা দাবির তথ্য উল্লেখ করা হয়েছে, যা মোট রিপোর্ট করা অর্থের প্রায় ৬৩.৯ শতাংশ।
অভিযোগের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। সেখানে ৭৪টি অভিযোগে প্রায় ৪০ লাখ ১৭ হাজার টাকা দাবি করা হয়েছে। রাজশাহীতে ৩৮টি অভিযোগে প্রায় এক কোটি ছয় লাখ এবং রংপুরে ৩১টি অভিযোগে প্রায় ৮৯ লাখ ১৩ হাজার টাকা দাবির তথ্য পাওয়া গেছে। অন্য বিভাগগুলোর মধ্যে বরিশালে ২৫টি অভিযোগে প্রায় তিন লাখ ৮৪ হাজার, খুলনায় ২৪টি অভিযোগে প্রায় ২৫ লাখ ৪২ হাজার, ময়মনসিংহে ২০টি অভিযোগে প্রায় ১২ লাখ ৬৪ হাজার এবং সিলেটে ১২টি অভিযোগে প্রায় ২৮ লাখ ৫৭ হাজার টাকা দাবির তথ্য জমা পড়েছে।
সাইটটিতে নতুন সুবিধা হিসেবে ‘চাঁদার ম্যাপ’ যুক্ত করা হয়েছে। এই মানচিত্রে বিভাগ, জেলা এবং উপজেলা বা থানা অনুযায়ী অভিযোগের অবস্থান দেখা যায়। কোনো চিহ্নের ওপর মাউস রাখলে বা মোবাইলে স্পর্শ করলে দাবি করা অর্থের পরিমাণ দেখা যায়। চিহ্নে ক্লিক করলে অভিযোগের স্থান, ঘটনার ধরন, দাবি করা অর্থ, ফলাফল ও সংক্ষিপ্ত বিবরণ পাওয়া যায়।
একই বা কাছাকাছি স্থানে একাধিক অভিযোগ থাকলে সেগুলো গুচ্ছ আকারে দেখানো হয়।
ম্যাপ বড় করলে অভিযোগগুলো আলাদা চিহ্নে দেখা যায়। অভিযোগের ঘনত্ব বেশি থাকা বিভাগগুলো তুলনামূলক গাঢ় রঙে দেখানো হয়েছে। বিভাগ, জেলা ও উপজেলা বা থানা অনুযায়ী ফিল্টার করে নিজের এলাকার অভিযোগও আলাদাভাবে দেখা যায়।
প্রকাশিত প্রতিটি অভিযোগের সঙ্গে অভিযোগে উল্লিখিত ঘটনাস্থলের গুগল ম্যাপস লিংকও যুক্ত করা হয়েছে। ফলে এক ক্লিকে সংশ্লিষ্ট এলাকা ও আশপাশের অবস্থান দেখা যায়। তবে নির্দিষ্ট ঠিকানা না থাকলে উপজেলা, থানা বা এলাকার আনুমানিক অবস্থান দেখানো হয়। তাই মানচিত্রে প্রদর্শিত স্থানকে প্রমাণিত ঘটনাস্থল না ধরে অভিযোগকারীর দেওয়া তথ্যভিত্তিক আনুমানিক অবস্থান হিসেবে বিবেচনা করতে হবে।
ChandaBD.com--এ অভিযোগ জমা দিতে কোনো অ্যাকাউন্ট বা লগইনের প্রয়োজন হয় না। অভিযোগকারীর নাম, ফোন নম্বর কিংবা ইমেইল ঠিকানাও চাওয়া হয় না। বিভাগ, জেলা, উপজেলা বা থানা, আনুমানিক অবস্থান, ঘটনার ধরন, দাবিকৃত অর্থ, ফলাফল ও বিস্তারিত বিবরণের পাশাপাশি প্রমাণের ছবিও যুক্ত করা যায়।
প্রকাশিত অভিযোগে দর্শনার্থীরা ‘সঠিক’ অথবা ‘সঠিক নয়’ প্রতিক্রিয়া জানাতে পারেন। প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত অভিযোগগুলোতে প্রায় সাড়ে চার হাজারবার ‘সঠিক’ প্রতিক্রিয়া জানানো হয়েছে। তবে এ ধরনের প্রতিক্রিয়া কোনো অভিযোগের স্বাধীন বা চূড়ান্ত সত্যতা প্রমাণ করে না।
কোনো অভিযোগে ভুল তথ্য, ব্যক্তিগত পরিচয়, আপত্তিকর ভাষা, ভুল স্থান বা টাকার অঙ্ক থাকলে দর্শনার্থীরা সংশ্লিষ্ট কার্ডটি রিপোর্ট করতে পারেন। এসব রিপোর্ট প্রশাসনিক প্যানেল থেকে পর্যালোচনা, সংশোধন বা মুছে ফেলার ব্যবস্থা রয়েছে।
এসএ