নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের ২০ শতাংশ সরকারি সম্পত্তি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ সময় সরকারি সম্পত্তিতে বালু ভরাট করে দখলের চেষ্টার অভিযোগে ফারুক নামে এক ব্যক্তিকে আটক করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সস্তাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন। জরিমানার দণ্ডপ্রাপ্ত ফারুক সস্তাপুর এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন জানান, সস্তাপুর এলাকায় প্রতি শতাংশ জমির মূল্য প্রায় ৩০ লাখ টাকা। অভিযান চালিয়ে ২০ শতাংশ সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। দখলমুক্ত করা জায়গার চারপাশে লাল নিশান টাঙিয়ে দেওয়া হয়েছে, যাতে পুনরায় কেউ দখলের চেষ্টা করতে না পারে।
তিনি আরও জানান, সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় সহকারী কমিশনার (ভূমি) এবং অতিরিক্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এসএস/আরএন