বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফল প্রকাশ করা হয়। এবার গড় পাসের হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ।
এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেন ৩০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী। চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ১২ হাজার ২৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৬৬৪ জন। উত্তীর্ণদের মধ্যে ৪ হাজার ৭২৫ জন ছাত্র এবং ২ হাজার ৯৩৯ জন ছাত্রী।
বৃহস্পতিবার বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ এসএসসি পরীক্ষার ফলাফলের গেজেট উপাচার্যের কাছে হস্তান্তর করেন। পরে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণাকালে উপাচার্য বলেন, দেশের মূলধারার শিক্ষার বাইরে থাকা মানুষের জন্য শিক্ষার দ্বিতীয় সুযোগ সৃষ্টি করে যাচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। নকলমুক্ত ও আধুনিক পরীক্ষাব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি পরীক্ষা ও ফলাফল প্রকাশের প্রক্রিয়াকে দ্রুততর ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে বিশ্ববিদ্যালয়।
তিনি জানান, এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফল নির্ধারিত সময়ের মধ্যে ৪৯ কার্যদিবসে প্রকাশ করা সম্ভব হয়েছে। এটি ফল প্রকাশে বিলম্বের পূর্ববর্তী ধারণা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, যারা এবার উত্তীর্ণ হতে পারেনি, তাদের হতাশ না হয়ে পুনরায় পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষাজীবন অব্যাহত রাখতে হবে।
শিক্ষার্থীদের সুবিধায় পরীক্ষাব্যবস্থার পূর্ণাঙ্গ অটোমেশন, কিউআর কোডযুক্ত পরিচয়পত্র, ছবিযুক্ত প্রবেশপত্র এবং আগামী পরীক্ষায় ই-অ্যাটেনডেন্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ফলাফল প্রকাশ ও পরীক্ষা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষক, পরীক্ষা কমিটি, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র, স্টাডি সেন্টার, পরীক্ষা বিভাগ, আইসিটি বিভাগ এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান উপাচার্য। তিনি বাউবিকে মানবিক ও গুণগত শিক্ষার বিশ্ববিদ্যালয় হিসেবে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।
-টিএস