ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৩:১৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং অবিলম্বে জাতীয় মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত ‘অবিলম্বে জাতীয় মজুরি বোর্ড পুনর্গঠন এবং জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ দাবি জানানো হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমানের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান ও বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। এতে বিভিন্ন খাতের শ্রমিক নেতারা বক্তব্য দেন।

বৈঠকে শ্রমিক নেতারা বলেন, ন্যায্য মজুরি কোনো দয়া বা অনুগ্রহ নয়, এটি শ্রমিকের অধিকার এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের মৌলিক ভিত্তি। বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞানসম্মত ও বাস্তবভিত্তিক মজুরি কাঠামো নির্ধারণ করা জরুরি। একই সঙ্গে রাজনৈতিক ও মালিকপক্ষের প্রভাবমুক্ত স্বাধীন মজুরি বোর্ড গঠনেরও দাবি জানান তারা।

বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সেন্ট্রাল প্রেসিডেন্ট ফেরদৌসী বেগম বলেন, দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় দক্ষ শ্রমিকদের অনেকে বিদেশে চলে যাচ্ছেন। এ প্রবণতা ঠেকাতে দ্রুত মজুরি বোর্ড গঠন ও শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। তিনি গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান।

শ্রমিক নেতারা বলেন, শুধু মজুরি বাড়ালেই হবে না, শ্রমিকদের বাড়িভাড়া, রেশন, আবাসন, চিকিৎসা, শিক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ট্রেড ইউনিয়ন ও যৌথ দরকষাকষির অধিকার কার্যকর করারও দাবি জানানো হয়।

জাতীয় শ্রমিক জোটের সভাপতি মাহাতাব উদ্দিন শহীদ বলেন, আইন অনুযায়ী তিন বছর পর মজুরি বোর্ড পুনর্গঠনের কথা থাকলেও তা নিয়ে বিলম্ব হচ্ছে। ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি বোর্ড গঠন করে ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানান তিনি।

অন্যদিকে শ্রমিক নেতা শাহিদাও গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান। 

তিনি বলেন, বর্তমান বাজারে কম মজুরিতে শ্রমিকদের পক্ষে পরিবার নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। দ্রব্যমূল্য ও বাড়িভাড়া বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত মজুরি পুনর্নির্ধারণ করতে হবে।

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠন এবং পোশাক খাতসহ বিভিন্ন খাতের জন্য পৃথক মজুরি বোর্ড গঠনের দাবি জানান।

এসএফ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝