৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে আরও ১৮৪ জনকে বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে ১৬৫ জন সহকারী সার্জন এবং ১৯ জন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন। তাদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যোগদান করতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর মাধ্যমে ১৮৪ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। পাশাপাশি তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজন হলে সরকার এ শিক্ষানবিশকাল সর্বোচ্চ আরও দুই বছর বাড়াতে পারবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, শিক্ষানবিশকালীন সময়ে কোনো নিয়োগপ্রাপ্তকে চাকরিতে বহাল থাকার অনুপযোগী মনে হলে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অপসারণ করা হতে পারে।
এর আগে গত ২২ জানুয়ারি ৪৮তম বিসিএস (বিশেষ)-এর প্রথম প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন ক্যাডার পদে ৩ হাজার ২৬৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন দেওয়া হয়।