বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনসহ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ চায় বাংলাদেশ। এসব খাতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্র আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান উপস্থিত ছিলেন।
মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন সরকারের নীতি ও ইশতেহারে থাকা বিষয়গুলোর গত ছয় মাসের অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগের সম্ভাবনা নিয়েও কথা হয়েছে।
তিনি বলেন, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পিপিপি মডেলে বিনিয়োগের সুযোগ রয়েছে। এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে আলোচনা ও উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করে সামনের দিকে এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে মীর শাহে আলম বলেন, ‘ওয়েস্ট টু এনার্জি’ বা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে এ খাতে সহযোগিতা হতে পারে।
তিনি বলেন, দেশের বিভিন্ন সিটি করপোরেশনে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা জমে আছে। ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে একটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে চুক্তি হয়েছে। প্রতিষ্ঠানটি আগামী ১৮ থেকে ২০ মাসের মধ্যে বর্জ্য থেকে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে দেওয়ার কাজ করছে।
প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা হয়েছে।
দুই দেশের বাণিজ্য চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটি তার মন্ত্রণালয়ের বিষয় নয়। বাণিজ্য ও পররাষ্ট্রবিষয়ক বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখবে।
-টিএস