জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে সেপ্টেম্বরে দুই সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে উত্তর আমেরিকা বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো এবং তাঁর নিউইয়র্ক অবস্থানকালে বিভিন্ন কর্মসূচি পালনের লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
শনিবার স্থানীয় সময় দুপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের এক যৌথ ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর ঘিরে বিস্তারিত কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন নেতার মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও উত্তর আমেরিকা সমন্বয়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমদ ও মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।
এছাড়া বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলি উল্লাহ আতিকুর রহমান, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম।
সভায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি আবু সাইদ আহমদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মকসুদ চৌধুরী, কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন, খোরশেদ আলম, জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সায়েম, সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর সরোয়ার্দ এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বাবর উদ্দিনসহ অন্য নেতারা বক্তব্য দেন।
সভায় সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রী যতদিন নিউইয়র্কে অবস্থান করবেন, ততদিন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সক্রিয় থাকবেন। এর অংশ হিসেবে আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ ভবনের সামনে বৃহৎ শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমাবেশে ব্যাপক লোকসমাগম নিশ্চিত করতে নিউইয়র্কের পাঁচ বরোতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে জনসংযোগ চালানো হবে। এ জন্য বিভিন্ন এলাকার দায়িত্বও নেতাদের মধ্যে বণ্টন করা হয়েছে বলে সভায় জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসবেন। ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন এবং ২৫ সেপ্টেম্বর একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দ, উত্তর আমেরিকার বিভিন্ন সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে। গত ২৩ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে ঐক্যবদ্ধভাবে মোট ১১টি সভা অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
এসব সভায় প্রধানমন্ত্রীর নিউইয়র্ক অবস্থানকালের কর্মসূচি, স্বাগত জানানো, শান্তি সমাবেশ, জনসংযোগ এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
উত্তর আমেরিকা বিএনপি সূত্র জানায়, আগামী ৩০ আগস্ট ২০২৬ উত্তর আমেরিকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর ঘিরে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উত্তর আমেরিকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
টিএস/জেবি