
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার বিদায়ী সাক্ষাৎ করেছেন।
রোববার (২৩ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সার্ক মহাসচিব বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে সার্ক মহাসচিব বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সার্ক প্রক্রিয়া ও আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশের ঐতিহাসিক নেতৃত্ব এবং অব্যাহত ভূমিকার প্রশংসা করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দক্ষিণ এশিয়ার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং জনগণের স্বার্থে আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সার্ক প্রক্রিয়া আরও কার্যকর করতে সদস্য দেশগুলোর মধ্যে নিয়মিত সংলাপ, যোগাযোগ ও বাস্তবভিত্তিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী একটি গতিশীল, কার্যকর ও জনকেন্দ্রিক সার্কের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, অর্থনৈতিক সহযোগিতা, যোগাযোগ ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, টেকসই উন্নয়ন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে সার্ককে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
সার্ক মহাসচিব হিসেবে গোলাম সারওয়ারের দায়িত্ব পালনের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, তিনি আঞ্চলিক সহযোগিতার এই প্রক্রিয়াকে সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সাক্ষাৎকালে সার্ক মহাসচিব সার্কের বিশেষায়িত সংস্থা ও আঞ্চলিক কেন্দ্রগুলোর প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন। তিনি বিশেষভাবে সার্ক কৃষি কেন্দ্র এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক মান সংস্থার আয়োজক দেশ হিসেবে বাংলাদেশের অবদানের কথা উল্লেখ করেন।
বৈঠকে দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক একীভূতকরণ, আঞ্চলিক যোগাযোগ, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে সার্কের কার্যক্রমকে আরও ফলপ্রসূ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে গোলাম সারওয়ার বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অভিন্ন উন্নয়ন নিশ্চিত করতে সার্ক এখনো একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক প্ল্যাটফর্ম।
সাক্ষাৎকালে তিনি সার্ক প্রতিষ্ঠায় বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী উদ্যোগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি উল্লেখ করেন, সার্ক গঠনে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিতে ধারাবাহিকভাবে গঠনমূলক অবদান রেখে আসছে।
সার্ক মহাসচিব বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি সার্কের প্রতিষ্ঠাতা নেতাদের লক্ষ্য ও দক্ষিণ এশিয়ার জনগণের আকাঙ্ক্ষা পূরণে আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
টিআইএস