পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
রোববার (২৩ আগস্ট) মন্ত্রণালয়ের প্রশাসন-২ অধিশাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। উপসচিব মো. শামছুল আরিফ স্বাক্ষরিত এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, আগামী বুধবার (২৬ আগস্ট), ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
এ ছাড়া মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা নিয়ে আলোচনা সভার আয়োজন করতে বলা হয়েছে।
যেসব কর্মসূচি পালন হবেপ্রাথমিক বিদ্যালয়গুলোতে আরও যেসব কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলো হলো-
● দোয়া মাহফিল
● হামদ-নাত
● স্বরচিত কবিতা পাঠ
● শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা
● মহানবী (সা.)-এর জীবন ও কর্মের ওপর কুইজ প্রতিযোগিতা
মন্ত্রণালয় জানায়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভার কার্যবিবরণীতে এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানেও জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট এবং উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নিজ নিজ অধীন দপ্তর ও প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
-টিএস