এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী। বুধবার (১৯ আগস্ট) তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন।
দেশীয় ও আন্তর্জাতিক ব্যাংকিং খাতে ২৫ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে আরিফ বিল্লাহ আদিল চৌধুরীর। দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত দক্ষতা, টেকসই প্রবৃদ্ধি এবং ব্যবসায়িক রূপান্তরে সফল নেতৃত্বের জন্য তিনি পরিচিত।
এবি ব্যাংকে যোগদানের আগে তিনি ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে ব্যাংকটি আমানতকারীদের আস্থা অর্জন এবং খেলাপি ঋণ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। একই সময়ে টেমেনোস কোর ব্যাংকিং সিস্টেম আধুনিকায়ন এবং তথ্য নিরাপত্তায় আইএসও ২৭০০১:২০২২ সনদ অর্জনের মাধ্যমে ব্যাংকটির প্রযুক্তিগত সক্ষমতাও আরও শক্তিশালী হয়।
এর আগে ২০২০ সালে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী। সেখানে মূলধন শক্তিশালীকরণসহ প্রতিষ্ঠানের ভিত্তি সুদৃঢ় করতে বিভিন্ন সংস্কার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
এ ছাড়া হংকং ও সিঙ্গাপুরে দ্য ব্যাংক অব নোভা স্কটিয়ার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। দেশের বাইরে ১৫ বছরেরও বেশি সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এশিয়া-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের কৌশলগত কার্যক্রমও তদারকি করেছেন তিনি।
বাংলাদেশে ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজ ও আমেরিকান এক্সপ্রেস ব্যাংকেও দায়িত্ব পালন করেছেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী। পরবর্তীতে স্কটিয়া ব্যাংকের ঢাকা শাখায় ট্রেজারি বিভাগ প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখেন।
শিক্ষাজীবনে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। পরে কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর রিচার্ড আইভি স্কুল অব বিজনেস থেকে এমবিএ সম্পন্ন করেন।
গ্রাহকের আস্থা আরও সুদৃঢ় করা, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং ব্যাংকের চলমান রূপান্তর কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আরিফ বিল্লাহ আদিল চৌধুরীর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে এবি ব্যাংক।
দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংকের নেতৃত্বে তাঁর যোগদানকে ব্যাংকটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।