লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর আরও ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের নিরাপদ ও মানবিকভাবে দেশে প্রত্যাবাসন করা হয়।
মঙ্গলবার সকাল ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাদের মধ্যে তিনজন নারী, একজন শিশু ও ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।
এতে বলা হয়েছে, দেশে ফেরা ১৭৪ বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন।
এ সময় লিবিয়া উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়। এর মধ্যে গ্যানফুদা ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন অবস্থান করেন তারা।
পরে পরিচয় যাচাই, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত এবং স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদনসহ বিভিন্ন প্রক্রিয়া শেষে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। এতে সহায়তা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
এদিকে বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফেরাতে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত সমন্বয় করে প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।
এর আগে গত ৭ আগস্ট ৩৪০ বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরেছিলেন। অর্থাৎ আগস্ট মাসেই দুই দফায় লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ৫১৪ বাংলাদেশি দেশে ফেরেন।
এসএফ