দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (১৮ আগস্ট)। এদিন বিকেল ৪টা পর্যন্ত বৈধ প্রার্থীরা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা সোমবার (১৭ আগস্ট) এ তথ্য জানিয়েছেন।
ইসি কর্মকর্তারা জানান, মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করলে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২০ আগস্ট ভোটগ্রহণের দিন নির্ধারিত রয়েছে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যদের কাছে ব্যালট পৌঁছে দেওয়ার পর তাঁরা স্বাক্ষর করে তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে ভোট দেবেন।
তিনি জানান, বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনা করা হবে। মোট ৩৪৯টি ব্যালটের বৈধ ভোট এবং প্রার্থীদের প্রাপ্ত ভোট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ঘোষণা করবেন। পরে সচিবালয়ে গেজেট প্রকাশের কার্যক্রম সম্পন্ন করা হবে।
রাষ্ট্রপতি পদে বিএনপি তাদের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করেছে। তাঁর মনোনয়নপত্রের প্রস্তাবক হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং সমর্থক হিসেবে রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়।
অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে। তাঁর পক্ষে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
অলি আহমদের মনোনয়নপত্রের প্রস্তাবক হিসেবে রয়েছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সমর্থক হিসেবে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির নেতা আব্দুল্লাহ আল আমিন।
এর আগে গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ রেখে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
-টিএস