ভারতের বিহারের লাখিসরাই জেলায় অশোক ধাম মন্দিরের বাইরে পদদলিত হয়ে অন্তত সাত তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার (১৭ আগস্ট) সকালে মন্দিরের বাইরে বিপুলসংখ্যক ভক্তের সমাগমের মধ্যে এ ঘটনা ঘটে। চলতি শ্রাবণ মাসের তৃতীয় সোমবার হওয়ায় অশোক ধাম মন্দিরে সকাল থেকেই তীর্থযাত্রীদের ব্যাপক ভিড় ছিল।
লাখিসরাইয়ের জেলা ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমার জানান, সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার দিকে দুটি ট্রেন সেখানে পৌঁছালে মন্দিরের বাইরে ভিড় আরও বেড়ে যায়। একপর্যায়ে অতিরিক্ত চাপের কারণে মন্দিরের বাইরের ব্যারিকেডের একটি অংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন একে অপরের ওপর পড়ে যান।
তিনি জানান, এর কিছুক্ষণ পর একটি বৈদ্যুতিক খুঁটি পড়ে যায়। খুঁটিটি পুরুষদের সারির ডান পাশে ছিল। খুঁটি পড়ে যাওয়ার পর সেখানে বিদ্যুতের তার ছিঁড়ে ভিড়ের মধ্যে পড়ে গেছে—এমন গুজব ছড়িয়ে পড়ে। যদিও সেটি বিদ্যুতের তার নয়, কেবল তার ছিল।
এই গুজবের কারণে বাম পাশে থাকা নারীদের সারিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা একে অপরের ওপর পড়ে যান এবং পদদলনের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো ঘটনাটি প্রায় দুই মিনিটের মধ্যে ঘটে বলে জানান জেলা ম্যাজিস্ট্রেট।
তিনি আরও বলেন, ভিড় নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন ভোর ৩টা থেকেই সেখানে দায়িত্ব পালন করছিল এবং আগে থেকেই ভিড়ের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল।
লাখিসরাইয়ের মহকুমা পুলিশ কর্মকর্তা শিবম কুমার জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনাস্থলে একটি বৈদ্যুতিক খুঁটি পড়ে যাওয়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটে এবং এরপর পদদলনের মতো পরিস্থিতি তৈরি হয়। তবে ঘটনার প্রকৃত কারণ বিস্তারিত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পর প্রশাসন ও পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
অশোক ধাম মন্দিরটি শ্রী ইন্দ্রদামনেশ্বর মহাদেব মন্দির নামেও পরিচিত। মন্দিরে একটি বড় শিবলিঙ্গ রয়েছে। শ্রাবণ মাসে বিশেষ করে এখানে বিপুলসংখ্যক ভক্তের সমাগম হয়।
এসএ