আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবালের কার্যালয়ে অভিযান শেষে সেটি সিলগালা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর বনানীর ইকবাল সেন্টারের ১৬ তলার এ কার্যালয়ে চার দিন ধরে চালানো এ অভিযানে তার সম্পদ সংক্রান্ত তিনশর বেশি দলিল জব্দ করা হয়েছে।
সেখানে কয়েকশ চেকবই, সাতটি ইলেকট্রনিক ডিভাইস এবং স্থায়ী আমানত-এফডিআর-সংক্রান্ত নথির পাশাপাশি নগদ প্রায় দেড় লাখ টাকা জব্দ করার তথ্য দিয়েছেন অনুসন্ধান দলের এক কর্মকর্তা।
প্রিমিয়ার গ্রুপের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদলের দলের নেতৃত্ব দিচ্ছেন সংস্থার উপপরিচালক হোসাইন শরীফ।
তিনি বলেন, পুরো ইকবাল সেন্টার সিলগালা করা হয়নি। ইকবালের চেম্বার ও একটি পরিচালক কক্ষ সিলগালা করা হয়েছে।
২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার পরিবার ও ১০টি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, প্রতারণা, জালিয়াতি, অর্থপাচার এবং কর ও শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধান শুরু হয়। পরে যোগ হওয়া ওই শিল্পগ্রুপের একটি প্রিমিয়ার গ্রুপ।
টিআইএস