ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দেশের মেরুদণ্ড ভেঙে দিয়ে পালিয়েছে মাফিয়া সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১০:১২ পিএম
X

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল এমপি বলেছেন, “এই দেশকে ধ্বংসস্তূপ করে রেখে চলে গেছে একটি মাফিয়া দল, একটি তথাকথিত সরকার। দেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, বিগত মাফিয়া সরকার তা করে রেখে গেছে। দেশের বিদ্যুৎ ও গ্যাস খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা সেখান থেকে উত্তরণের চেষ্টা করছি।”

তিনি বলেন, “সরকারের ১৮০ দিনে বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসতে পেরেছে। সরকার পরিবর্তন হলেও পথে পথে আতঙ্ক আর নাম বদল শুরু হতো। প্রতিষ্ঠান দখল হতো। কিন্তু ৫ আগস্টের পরে আমরা দেশে পাহারা দিয়েছি, যেন আর কোনো লাশ না পড়ে। আমরা দীর্ঘমেয়াদি উন্নয়নের চেষ্টা করছি।”

শুক্রবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত ১৪টি বেসরকারি এতিমখানা ও ৭টি সমাজকল্যাণ সংস্থার সরকারি অনুদানের ৩০ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন নাটোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান চৌধুরী, বিএনপি নেতা ব্যারিস্টার ইউসুফ আলী, উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলাম, সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম, শহর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন, সাবেক ভিপি শামীম হোসেন, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টুসহ অনেকে।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন আরও বলেন, “দেশে এখন পর্যন্ত ৭০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এখানে কোনো রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেওয়ার সুযোগ নেই। পাওয়ার যোগ্য ব্যক্তিরাই ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন।”

তিনি আরও বলেন, “সবুজ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা বলেছি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করব। সন্তানকে সম্পদে পরিণত করব, প্রতিষ্ঠানগুলো দুর্নীতিমুক্ত করে গড়ে তুলব। সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।” এ সময় তিনি চলনবিলকে পর্যটন শিল্প হিসেবে গড়ে তোলারও ঘোষণা দেন।

বিশেষ অতিথির বক্তব্যে নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নাটোর জেলাকে একটি আধুনিক ও উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ নগরী হিসেবে গড়ে তুলতে হবে।

এসআই/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝