তিন বছর পর বিদেশের মাটিতে আবারও টেস্টে জয়ের হাসি হাসল পাকিস্তান। জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে তারা। একই সঙ্গে দ্বিতীয় দফায় টেস্ট অধিনায়ক হিসেবে বাবর আজমের নতুন অধ্যায় শুরু হলো জয় দিয়ে, আর টানা তৃতীয়বারের মতো ড্র হলো পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ।
চতুর্থ দিনের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় পাকিস্তান। আগের দিন ৭৫ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ দিনের শুরুতে মাত্র আধা ঘণ্টার মধ্যেই শেষ চার উইকেট হারায়। আলি উসমান ও মোহাম্মদ আলীর নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ১৮৯ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৭৫ রান।
দিনের প্রথম বলেই আগের দিনের স্কোরে কোনো রান যোগ না করে বিদায় নেন কেমার রোচ। এরপর আক্রমণাত্মক শট খেলতে গিয়ে মোহাম্মদ আলীর বলে আউট হন জাস্টিন গ্রিভস। ইনজুরির কারণে ব্র্যান্ডন কিং ব্যাট করতে না পারায় শেষ ভরসা ছিলেন শামার জোসেফ। কয়েকটি দৃষ্টিনন্দন বাউন্ডারি হাঁকালেও আলি উসমানের বলে ক্যাচ দিয়ে ফিরলে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ইতি ঘটে ১৮৯ রানে।
৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে পাকিস্তান। ইমাম-উল-হক ও আজান আওয়াইস দ্রুত ফিরে গেলে স্বাগতিকদের ম্যাচে ফেরার আশা জাগে। তবে সেই সম্ভাবনা টিকতে দেননি বাবর আজম ও আবদুল্লাহ শফিক।
প্রথম ইনিংসে সেঞ্চুরি করা শফিক ও হাফসেঞ্চুরিয়ান বাবর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন। লাঞ্চের পর দুজনই অপরাজিত থেকে প্রয়োজনীয় রান তুলে পাকিস্তানকে ৮ উইকেটের জয় এনে দেন।
এই জয়ের মধ্য দিয়ে বিদেশের মাটিতে টানা আট টেস্টে জয়হীন থাকার হতাশা কাটাল পাকিস্তান। আসন্ন ইংল্যান্ড সফরের আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পাশাপাশি দ্বিতীয় মেয়াদে টেস্ট অধিনায়ক হিসেবে বাবর আজমও পেলেন স্বপ্নের সূচনা।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২৮০ ও ১৮৯
পাকিস্তান: ৩৯৫ ও ৭৬/২
ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য সিরিজ: জাস্টিন গ্রিভস ও বাবর আজম।
সিরিজ: দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায়।
এসএ