জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নিম্নমানের খাবার বিতরণকে কেন্দ্র করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সদস্যসচিব হাবিবুর রহমান আহত হয়েছেন।
বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস হলে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত ফিস্টে বিশ্ববিদ্যালয়ের তিতুমীর, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, বনলতা ও অপরাজিতা হলে খাবার বিতরণ করা হয়। এসব খাবারের মান নিম্নমানের বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় আবাসিক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়।
এ নিয়ে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে অভিযোগ দিতে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব হাবিবুর রহমান খাবারের মান ভালো হয়েছে বলে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান। এতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে হাবিবুর রহমানকে মারধর করলে তিনি আহত হন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুস সাদাত বলেন, “হলের খাবারের মান নিয়ে অভিযোগের বিষয়টি আমার নজরে এসেছে। এ ঘটনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এমএইচ/আরএন