ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
৪২তম মৃত্যুবার্ষিকীতে স্মরণে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৬:৫৪ পিএম আপডেট: ০৫.০৮.২০২৬ ৭:১৭ পিএম
X

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান এবং সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বুধবার (৬ আগস্ট)। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন দোয়া, আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করেছে।

১৯৩৪ সালের ৩ নভেম্বর সিলেটের দক্ষিণ সুরমার বিরাহীমপুরে জন্মগ্রহণ করেন মাহবুব আলী খান। ১৯৫২ সালে পাকিস্তান নৌবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দিয়ে কোয়েটার সম্মিলিত বাহিনী একাডেমিতে প্রশিক্ষণ নেন। পরে যুক্তরাজ্যের ডার্টমাউথ রয়্যাল নেভাল কলেজ থেকে প্রশিক্ষণ শেষে ব্রিটিশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজে দায়িত্ব পালন করেন। ১৯৬৩ সালে পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যে বিশেষ সম্মাননা লাভ করেন।

বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭৩ সালে দেশে ফিরে নবগঠিত বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। চট্টগ্রাম মেরিন একাডেমির প্রথম বাঙালি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৬ সালে তাঁর নেতৃত্বে যুক্তরাজ্য থেকে বাংলাদেশ নৌবাহিনীর প্রথম বড় যুদ্ধজাহাজ বিএনএস ওমর ফারুক দেশে আনা হয়।

১৯৭৯ সালে তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান নিযুক্ত হন এবং ১৯৮০ সালে রিয়ার অ্যাডমিরাল পদে উন্নীত হন। তাঁর নেতৃত্বে নৌবাহিনীর সাংগঠনিক পুনর্গঠন, প্রশিক্ষণব্যবস্থার উন্নয়ন, আইনগত কাঠামো প্রণয়ন এবং আধুনিকায়নের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হয়। সমুদ্রসীমায় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সামরিক দায়িত্বের পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন মাহবুব আলী খান। তিনি সশস্ত্র বাহিনীর বেতন ও পেনশন কমিটির চেয়ারম্যান, প্রশাসনিক পুনর্গঠন বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা ব্যবস্থা প্রবর্তনের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে ডাক ও টেলিযোগাযোগ, যোগাযোগ এবং কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

যোগাযোগমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্বকালে শাহজালাল সেতু, লামাকাজী সেতু ও শেওলা সেতুসহ সিলেট অঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের কাজ শুরু হয়। কৃষিমন্ত্রী হিসেবে কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ উন্নয়ন এবং খাদ্যনিরাপত্তা জোরদারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।

১৯৮৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম তদারকি শেষে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরদিন ৬ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে বক্তারা তাঁর সততা, পেশাদারিত্ব, নেতৃত্বগুণ এবং রাষ্ট্রীয় উন্নয়নে অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের অবদান দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।


-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝