ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে: শেখ হাসিনাকে রাষ্ট্রপতি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৫:৩১ পিএম
X

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে।

বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও অশালীন স্লোগানের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, “বক্তব্য দেওয়ার সময় কেউ ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার করে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে কি এগুলো মানায়? কবে আমরা শিখবো? যাই হোক, অত্যন্ত দুঃখজনক।”

এর আগে সরকারি একটি ডকুমেন্টারিতে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি না থাকার অভিযোগে অনুষ্ঠানে হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

বিদেশি অতিথিদের সামনে এমন আচরণের নিন্দা জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, “আজ এই দৃশ্যটি একেবারেই অনভিপ্রেত ছিল। ভুলত্রুটি তো হবেই মানুষের, সেটি আমরা সবাই মিলে শুধরে নেবো। কোনো কিছুই তো পারফেক্ট না। কিন্তু এভাবে বিদেশি অতিথিদের সামনে যে নাস্তানাবুদ হলাম, এটি আমাকে খুবই ব্যথিত করেছে।”

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থান—দুটিই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংঘটিত হয়েছে। গণতন্ত্রকে কোনোভাবেই অবহেলার বিষয় নয় উল্লেখ করে তিনি বলেন, যতদিন দেশে গণতন্ত্র থাকবে এবং মানুষের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, ততদিন স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, “এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর—এতে তাদের কোনো লজ্জাবোধ নেই। আবার বলে ডিসেম্বরে দেশে এসে পদার্পণ করবে, আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে।”

নিজের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে ৮২ বছর বয়সী হাফিজ উদ্দিন আহমদ বলেন, “২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি। এখন ৮২ বছর বয়সে আরেকটা করবো বাংলাদেশের জন্য। বাংলাদেশের জনগণের শাসন ও গণতন্ত্র চিরস্থায়ী করে যাবো।”

জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বের প্রশংসা করে তিনি বলেন, “জুলাইয়ের যে ইতিহাস, তা গৌরবের ইতিহাস। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, তাদের এরকম নাগরিক নেই। উদ্ধত সঙিনের সামনে দু-হাত তুলে আবু সাঈদের মতো দাঁড়াতে পারবে কোনো জাতি? আমরা সেই জাতি। তাদের নিয়ে আমরা গর্ববোধ করি।”

জুলাই যোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, যারা জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগ জাতি স্মরণ করবে। আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে থাকা সরকারের পবিত্র দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের অগ্রাধিকার তুলে ধরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জুলাইয়ে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের পরিবারের রক্ষণাবেক্ষণ এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। চোখের দৃষ্টি হারানো ও অঙ্গহানির শিকার ব্যক্তিদের সুস্থ করে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ এসেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলা, যেখানে প্রতিটি নাগরিক সমান অধিকার ও মর্যাদা পাবে।

অনুষ্ঠানে সাম্প্রতিক বিশৃঙ্খলার প্রসঙ্গে তিনি বলেন, “আজকের এ ঘটনায় সবচেয়ে খুশি হবেন যিনি পাশের দেশে বসে আছেন, তার জন্য অত্যন্ত আনন্দের একটি দিন।”

সরকার সমর্থকদের ধৈর্য ধারণের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে সব কথা বলা ঠিক নয় এবং ঐক্য বিনষ্ট হয়—এমন কোনো কথা তিনি বলতে চান না।

সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য, সরকারের বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারক এবং জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধারা উপস্থিত ছিলেন।


আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝