বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানের আন্তর্জাতিক দরপত্র কিনেছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টার্কিশ পেট্রোলিয়াম করপোরেশন (টিপিএও)। বিষয়টিকে দেশের অফশোর জ্বালানি খাতে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
পেট্রোবাংলা জানিয়েছে, টিপিএওর পাশাপাশি আরও পাঁচটি বিদেশি প্রতিষ্ঠান দরপত্র-সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে। সংস্থাটির আশা, নির্ধারিত সময়ের মধ্যে আন্তর্জাতিক কোম্পানিগুলোর কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাবে।
বর্তমান বিডিং রাউন্ডে গভীর সমুদ্রের ১৫টি এবং অগভীর সমুদ্রের ১১টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুযোগ রাখা হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত দরপত্র জমা দেওয়া যাবে।
সরকার বিনিয়োগ আকর্ষণে উৎপাদন অংশীদারিত্ব চুক্তির (পিএসসি) কয়েকটি শর্ত সংশোধন করেছে। বিশেষ করে গভীর ও অগভীর সমুদ্রের গ্যাসের মূল্য নির্ধারণ এবং অন্যান্য আর্থিক শর্তে পরিবর্তন আনা হয়েছে।
দেশে বর্তমানে গ্যাসের চাহিদার তুলনায় বড় ধরনের ঘাটতি রয়েছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হলেও উৎপাদনে আসতে কয়েক বছর সময় লাগতে পারে।
-টিএস