আগামী ৬ আগস্ট দেশের সব মহানগর ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য।
সোমবার (৩ আগস্ট) রাতে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের এক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।
বৈঠকে জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসাইন, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, এলডিপির মহাসচিব বেলাল হোসেন সিরাজী এবং লেবার পার্টির মুখপাত্র মো. নাজমুল ইসলাম তালুকদারসহ জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
শীর্ষ বৈঠকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি, গ্যাসসংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে উদ্বেগ প্রকাশ করা হয়।
বৈঠকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ আগস্ট সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
এ ছাড়া ৬ আগস্ট দেশের সব মহানগর ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
আগামী ৫ আগস্ট বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত গণসমাবেশ থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, গ্যাসসংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।
একই সঙ্গে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতেও কর্মসূচি ঘোষণা করা হবে।
এ ছাড়া ৬ আগস্ট সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি শেষে সচিবালয়ে স্মারকলিপি দেওয়া হবে।