আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখতে এবং তাদের হয়রানি করতে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক আদেশকে ব্যবহার করতে পারে সরকার। এ অবস্থায় প্রতিশ্রুতি অনুযায়ী সব মামলা প্রত্যাহার না হলে আবারও ভারতজুড়ে আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) দিল্লির যন্তর মন্তরসহ বিভিন্ন স্থানে প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ নিয়ে করা একাধিক আবেদনের শুনানি হয়। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও ধরনের জোরপূর্বক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দেন। এছাড়া যাদের আগে কোনো অপরাধের রেকর্ড নেই এবং যাদের আটক করা হয়েছে, তাদের মুক্তিরও নির্দেশ দেওয়া হয়।
তবে আদালত একই সঙ্গে জানিয়ে দেয়, দিল্লি সরকার (এনসিটি) ও অন্যান্য রাজ্য সরকার ইতোমধ্যে দায়ের হওয়া এফআইআরগুলোর তদন্ত চালিয়ে যেতে পারবে। তবে শান্তিপূর্ণ আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না। এ সুরক্ষা অবশ্য অপরাধমূলক অতীত রয়েছে— এমন ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
এসএ