ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: সমাজকল্যাণ মন্ত্রী
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:৫৮ পিএম
X

তরুণ প্রজন্মকে দক্ষ ও আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, এমপি।

মঙ্গলবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মিলনায়তনে দিনাজপুর সাংবাদিক সমিতি, ঢাকা (ডিজেএডি) আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দিনাজপুর জেলা থেকে ঢাকায় উচ্চশিক্ষার জন্য আসা এবং সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের দিকনির্দেশনা দিতে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি ও দ্য ডেইলি অবজারভার পত্রিকার সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “শুধু সনাতন বা মুখস্থবিদ্যা দিয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে তরুণদের প্রযুক্তিনির্ভর ও বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে।” তিনি শিক্ষার্থীদের সময়ানুবর্তী হওয়ার পাশাপাশি সৃজনশীল কাজে নিজেদের মেধা কাজে লাগানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের দক্ষতা (স্কিল) অর্জন করতে হবে। এ লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কাজ করছে, যাতে তারা মূলধারার কর্মসংস্থানে যুক্ত হতে পারে।”

মন্ত্রী বলেন, “কোনো মানুষ যেন অর্থের অভাবে চিকিৎসা বা শিক্ষা থেকে বঞ্চিত না হয়—এটি বর্তমান সরকারের লক্ষ্য। সবাইকে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ও দিনাজপুর জেলা সমিতি, ঢাকার সভাপতি প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। এছাড়া বাংলাদেশ ব্যাংকের পরিচালক, তুলা উন্নয়ন বোর্ডের পরিচালক, জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক, উদ্যোক্তা এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, মফস্বল থেকে ঢাকায় আসা শিক্ষার্থীরা যেন সঠিক দিকনির্দেশনা পায়, সে জন্য এ ধরনের মেন্টরশিপ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পরিবেশ সংরক্ষণ ও কৃষি উন্নয়নে সরকারের খাল খনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, দিনাজপুর অঞ্চলে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে।

রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, নতুন উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।

সভাপতির বক্তব্যে মিজানুর রহমান বলেন, দিনাজপুর সাংবাদিক সমিতি জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে সহায়তায় সবসময় পাশে থাকবে।

সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, করপোরেট ব্যক্তিত্ব এবং বিসিএস ক্যাডার কর্মকর্তারা প্রযুক্তি ও ভাষা দক্ষতা, বিসিএস প্রস্তুতি, উদ্যোক্তা উন্নয়ন এবং স্টার্টআপ খাত নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী এবং দিনাজপুর সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝