পুলিশের ওপর হামলার অভিযোগে করা একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। হাজিরা শেষে আদালত থেকে বের হওয়ার সময় তিনি বলেন, ‘নির্দোষ হয়েও আমি অপরাধী।’
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন আইভী। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী আওলাদ হোসেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের দেওভোগে নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে গ্রেপ্তার হন আইভী। পরে তাকে একে একে ১২টি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ৩৯১ দিন বন্দি থাকার পর গত ৩ জুন জামিনে মুক্তি পান তিনি। মুক্তির ৫৫ দিন পর মঙ্গলবার আবারও আদালতে হাজিরা দিতে আসেন সাবেক এই মেয়র।
আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের আইভী বলেন, ‘আমি সবসময় নারায়ণগঞ্জে হত্যা, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আর আজ আমিই অপরাধী! যাই হোক, এর বিচার আল্লাহ আছেন, আমার নারায়ণগঞ্জবাসী আছেন, তারা দেখবেন।’
পরে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন আইভী। তিনি যে গাড়িতে করে আদালতে এসেছিলেন, সেটিতেই দেওভোগের বাসার উদ্দেশে রওনা হন।
এর আগে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে আইভীর অনুসারী নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে আদালতের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
এসএস/টিএস