ক্যান্সারে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ইয়াসমিন আরার চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন। মানবিক সহায়তার অংশ হিসেবে তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা দিয়েছে প্রতিষ্ঠানটি।
দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় যুক্ত ইয়াসমিন আরা শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে একজন প্রিয় ও অনুপ্রেরণাদায়ী শিক্ষক হিসেবে পরিচিত। তবে হঠাৎ ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তার স্বাভাবিক জীবনযাত্রায় নেমে আসে বড় ধরনের পরিবর্তন। ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়ে তার পরিবার।
ইয়াসমিন আরা জানান, তার ক্যান্সার তৃতীয় পর্যায়ে ধরা পড়ে। পরবর্তী সময়ে রোগটি লিম্ফ নোডে ছড়িয়ে পড়ায় তাকে নিয়মিত চিকিৎসা ও ওরাল কেমোথেরাপি নিতে হচ্ছে। এ চিকিৎসায় প্রতি মাসে প্রায় ৬৫ হাজার টাকা খরচ হচ্ছে। এছাড়া একটি ইনজেকশনের মূল্য ছিল এক লাখ টাকা।
তিনি বলেন, “শারীরিক অসুস্থতার মধ্যেও আমি ক্লাস নেওয়ার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা আমার ক্লাস পছন্দ করে। সুস্থ হয়ে আবার শ্রেণিকক্ষে ফিরতে চাই। বসে থাকতে ভালো লাগে না, আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই।”
তার চিকিৎসার বিষয়টি জানতে পেরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এগিয়ে আসে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের চিফ কো-অর্ডিনেটর মো. আমিনুল ইসলাম বলেন, “আমরা ইয়াসমিন আরাকে আর্থিক সহযোগিতা করেছি এবং তাকে আশ্বস্ত করেছি যে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন সবসময় তার পাশে থাকবে। সমাজের অসহায় ও সংকটে থাকা মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।”
চিকিৎসার এই সহায়তা ইয়াসমিন আরার জন্য নতুন আশার সঞ্চার করেছে। ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে সুস্থ হয়ে আবারও শিক্ষার্থীদের মাঝে ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
এসআর