ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৮:১৫ পিএম
X

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেন।

সকাল ১১টায় তিনি বিজিবি সদর দপ্তরে পৌঁছালে বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি বিজিবির অপারেশনাল, প্রশিক্ষণ, প্রশাসনিক ও চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন।

এরপর শহীদ শাকিল আহমেদ হলে আয়োজিত মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সভায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড কর্মকর্তা (জেসিও), অন্যান্য পদবির সদস্য এবং অসামরিক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত বিজিবি সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

স্বরাষ্ট্রমন্ত্রী সদস্যদের দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি বাহিনীর শৃঙ্খলা, কমান্ড কাঠামো, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পেশাদার আচরণ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গুজব ও অপপ্রচার এড়িয়ে যাচাইকৃত তথ্যের ভিত্তিতে দায়িত্ব পালন, আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার, সীমান্তবর্তী জনগণের আস্থা অর্জন এবং দুর্যোগ ও জাতীয় সংকটে মানবিক ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন, ‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বিজিবি সদস্যরা ভবিষ্যতেও শৃঙ্খলা, আত্মত্যাগ ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের সীমান্ত নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন।

মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবির পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি সীমান্ত গৌরব, ২০০৯ শহীদ স্মৃতিস্তম্ভ, দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানসহ সদর দপ্তরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সীমান্ত কুঞ্জ এলাকায় একটি বৃক্ষরোপণ করেন।

পরিদর্শন শেষে শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি বিজিবি সদর দপ্তর পরিদর্শন করে বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়েছেন। সীমান্ত নিরাপত্তা জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা সক্ষমতা বৃদ্ধি এবং বাহিনীর সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও কার্যকর করতে প্রয়োজনীয় জনবল ও প্রশিক্ষণ সম্পন্ন না হওয়া পর্যন্ত বিজিবির ডগ স্কোয়াডের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিজিবির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জনবল বৃদ্ধি, আধুনিক যানবাহন, অস্ত্র, সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের পাশাপাশি প্রশাসনিক অবকাঠামো, হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি এবং চিকিৎসক ও নার্স নিয়োগসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তিনি জানান।

সাম্প্রতিক বন্যায় বিজিবির মানবিক ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দুর্গম এলাকায় উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং জরুরি সহায়তা প্রদানে বাহিনীর কার্যক্রম ভবিষ্যতেও আরও সম্প্রসারিত করা হবে।

মিয়ানমার সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে চলমান সংঘাত, সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা এবং মাদক পাচারের ঝুঁকি বিবেচনায় ১০৯ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তাব সরকার বিবেচনা করছে। পাশাপাশি ল্যান্ডমাইন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় মাইন শনাক্তকরণ যন্ত্র ইতোমধ্যে বিজিবিকে সরবরাহ করা হয়েছে।

পুশইন প্রসঙ্গে তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিজিবি ও সীমান্তবর্তী জনগণের সহযোগিতায় এ ধরনের সব অপচেষ্টা প্রতিহত করা হয়েছে। কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হলে প্রচলিত দ্বিপক্ষীয় ও কূটনৈতিক প্রক্রিয়ায় জাতীয়তা যাচাইয়ের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর বাইরে কাউকে অবৈধভাবে দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

পুশইন প্রতিরোধে সাহসিকতার স্বীকৃতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিবছরের নিয়মিত বীরত্ব পদকের পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিশেষ অবদান রাখা সদস্যদের অতিরিক্ত সম্মাননা বা প্রণোদনা দেওয়ার বিষয়টি বিজিবির মহাপরিচালকের সঙ্গে আলোচনা করে বিবেচনা করা হবে।


-টিএস



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝