সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিকদের বহনকারী একটি চলন্ত মাইক্রোবাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় গাড়ি থামিয়ে দ্রুত গাড়িতে থাকা চালক, রিপোর্টার ও ক্যামেরাপারসন নেমে যাওয়ায় কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি মডেল টাউনের সামনে আরিচাগামী লেনে মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটে।
মাইক্রোবাসটির চালক রনি হোসেন বলেন, ঢাকা অফিস থেকে একজন রিপোর্টার ও একজন ক্যামেরাপারসনকে নিয়ে ধামরাইয়ে রথযাত্রার সংবাদ সংগ্রহের জন্য যাচ্ছিলাম। আমাদের গাড়িটি সাভারের আমিনবাজার পার হয়ে মধুমতি মডেল টাউন এলাকায় পৌঁছালে গ্যাস লাইনের লিকেজ হওয়ার বিষয়টি বুঝতে পারি। এ সময় চলন্ত গাড়িটি থামানোর উদ্দেশ্যে ব্রেক করলে মুহূর্তের মধ্যে সামনের অংশে আগুন ধরে যায়। পরে আমরা তিনজন গাড়ি থেকে নেমে যাই এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস আসার আগেই গাড়িটি পুরোপুরি পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে একটি মাইক্রোবাস সাভারের দিকে যাচ্ছিল। গাড়িটি মধুমতি মডেল টাউন এলাকায় পৌঁছালে হঠাৎ চলন্ত গাড়িটির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। এ সময় চালক দ্রুত গাড়িটি থামালেও সেটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুন লাগার খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এ সময় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণেই এই আগুনের সূত্রপাত হয়েছিল। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়নি এবং বর্তমানে ওই লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ওএফ/এসআর