ভোলার লালমোহন উপজেলায় ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীরচর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- দেবীরচর এলাকার মো. হারুন মেলকারের ছেলে মো. মনির হোসেন (২৮), মো. রবিউল ইসলাম (১৯), রবিন মেলকারের ছেলে আল-আমিন (২৫), আলমগীর হাওলাদারের ছেলে মো. হাসান (২৪) এবং নূর ইসলামের ছেলে মো. রাকিব (২৬)।
পুলিশ জানায়, বুধবার বিকেলে লালমোহন থানার এসআই খন্দকার মো. কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বদরপুর ইউনিয়নের দেবীরচর এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়।
এ সময় সন্দেহজনকভাবে পাঁচজনকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা, দুই বোতল ফেন্সিডিল, ২৫০ গ্রাম গাঁজা এবং একটি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যাওয়া হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের আদালতে পাঠানো হবে।
এইচপি/এসআর