সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ সদস্যরা আবারও গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্টের ইউনিফর্মে ফিরেছেন।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশ বাহিনীর সংস্কারের অংশ হিসেবে ইউনিফর্ম পরিবর্তন করা হয়েছিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আগের রঙের ইউনিফর্ম ফিরিয়ে আনা হয়েছে।
বুধবার (১ জুলাই) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন করতে দেখা যায় পুলিশ সদস্যদের।
অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্টে দেখা যায়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, বুধবার থেকেই নতুন ইউনিফর্ম পরা শুরু করেছেন পুলিশ সদস্যরা। তবে এখনো সব সদস্যের হাতে নতুন পোশাক পৌঁছায়নি। পর্যায়ক্রমে সবাই নতুন ইউনিফর্ম পাবেন। যারা ইতোমধ্যে পেয়েছেন, তারা সেটি পরেই দায়িত্ব পালন করছেন।