ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ পর্যায়ে। শনিবার দিবাগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত অনুষ্ঠিত হবে গ্রুপ জে, কে ও এলের শেষ ছয়টি ম্যাচ। এরপরই শেষ হবে গ্রুপ পর্বের লড়াই এবং ৪৮ দলের আসর প্রবেশ করবে ৩২ দলের নকআউট পর্বে।
এখন পর্যন্ত ২৮টি দল শেষ ৩২-এ নিজেদের জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ১২টি দেশ।
অবশিষ্ট চারটি নকআউটের টিকিটের জন্য এখনও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে আটটি দল। শেষ দিনের ছয়টি ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে তাদের ভাগ্য। রোববার সকালেই চূড়ান্ত হবে নকআউট পর্বে ওঠা ৩২ দলের পূর্ণ তালিকা।
গ্রুপ পর্ব শেষ হওয়ার পর থেকেই শুরু হবে শিরোপার লড়াইয়ের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অধ্যায়—নকআউট পর্ব, যেখানে প্রতিটি ম্যাচই হবে বাঁচা-মরার।
বিশ্বকাপের নতুন ফরম্যাট অনুযায়ী, ১২টি গ্রুপের শীর্ষ দুটি করে মোট ২৪টি দল এবং সেরা আটটি তৃতীয় স্থানে থাকা দল জায়গা করে নেবে নকআউট পর্বে। শেষ ৩২–এর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত।
গ্রুপ ‘এ’ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা
গ্রুপ ‘বি’ : সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া-হার্জেগোভিনা (সেরা তৃতীয়)
গ্রুপ ‘সি’ : ব্রাজিল, মরক্কো
গ্রুপ ‘ডি’ : যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে (সেরা তৃতীয়)
গ্রুপ ‘ই’ : জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর (সেরা তৃতীয়)
গ্রুপ ‘এফ’ : নেদারল্যান্ডস, জাপান, সুইডেন (সেরা তৃতীয়)
গ্রুপ ‘জি’ : বেলজিয়াম, মিসর
গ্রুপ ‘এইচ’ : স্পেন, কেপ ভার্দে
গ্রুপ ‘আই’ : ফ্রান্স, নরওয়ে, সেনেগাল (সেরা তৃতীয়)
গ্রুপ ‘জে’ : আর্জেন্টিনা
গ্রুপ ‘কে’ : কলম্বিয়া, পর্তুগাল
গ্রুপ ‘এল’ : ইংল্যান্ড, ঘানা
বিদায় নিশ্চিত ১২ দলের
গ্রুপপর্ব শেষ হওয়ার আগেই ১২টি দলের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে গেছে। তারা আর কোনো সমীকরণেই শেষ ৩২–এ উঠতে পারবে না। দেশগুলো হচ্ছে- হাইতি, পানামা, কুরাসাও, উরুগুয়ে, তিউনিসিয়া, চেক প্রজাতন্ত্র, জর্ডান, সৌদি আরব, তুরস্ক, কাতার, নিউজিল্যান্ড ও ইরাক।
এখনও লড়াইয়ে ৮ দল
অবশিষ্ট চারটি নকআউট টিকিটের জন্য এখনও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে ৮টি দল। আজ রাতের শেষ ছয়টি ম্যাচের ফলের ওপর নির্ভর করবে কারা শেষ পর্যন্ত সেরা তৃতীয় স্থান কিংবা সরাসরি গ্রুপ সেরা দুইয়ের একটি হয়ে নকআউট নিশ্চিত করবে।
এসআর