২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপগুলোর একটি ছিল ‘এফ’ গ্রুপ। শেষ রাউন্ডের নাটকীয় লড়াই শেষে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। রানার্সআপ হয়েছে জাপান, আর সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবে নকআউটে উঠেছে সুইডেন।
এর ফলে রাউন্ড অব ৩২-এ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ হয়েছে জাপান। একই সঙ্গে নেদারল্যান্ডস খেলবে শক্তিশালী মরক্কোর বিপক্ষে।
এখন পর্যন্ত রাউন্ড অব ৩২-এর চারটি ম্যাচ নিশ্চিত হয়েছে। ম্যাচগুলো হলো-
২৮ জুন, রাত ১টা: কানাডা বনাম দক্ষিণ আফ্রিকা
২৯ জুন, রাত ১১টা: ব্রাজিল বনাম জাপান
৩০ জুন, সকাল ৭টা: নেদারল্যান্ডস বনাম মরক্কো
২ জুলাই, সকাল ৬টা: যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা
এদিকে, ১২ গ্রুপের মধ্যে এখন পর্যন্ত ছয়টি গ্রুপের খেলা শেষ হয়েছে। ইতোমধ্যে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে ১৯টি দল। বিদায় নিয়েছে ৮টি দল। বাকি ২১টি দল লড়ছে শেষ ১৩টি টিকিটের জন্য।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানধারী দল রাউন্ড অব ৩২-এ খেলার সুযোগ পাবে। আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে নকআউট পর্বের এই ম্যাচগুলো।
এখন পর্যন্ত রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে যে দলগুলো:
গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা
গ্রুপ ‘বি’: সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা
গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো
গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া
গ্রুপ ‘ই’: জার্মানি, আইভরিকোস্ট, ইকুয়েডর
গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন
গ্রুপ ‘আই’: ফ্রান্স, নরওয়ে
গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা
গ্রুপ ‘কে’: কলম্বিয়া
এখন পর্যন্ত বিদায় নেওয়া দলগুলো: তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও ও জর্ডান।
টিএস