দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিশেষ করে সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের সহজলভ্যতার কারণে মাদকাসক্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১৫টি বেসরকারি মাদক পুনর্বাসন কেন্দ্রের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান আইন দিয়ে মাদক পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। মাদক কারবারিরা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তাদের কাছে কোনো অস্ত্র নেই। ফলে অনেক ক্ষেত্রে তারা কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছেন না।
তিনি বলেন, ডিএনসি কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের কাজও চলছে। সংশোধিত আইন চলতি সংসদ অধিবেশনেই উত্থাপন করা হতে পারে।
মাদক মামলার জটের বিষয়টি তুলে ধরে সালাহউদ্দিন আহমদ জানান, শুধু ঢাকাতেই প্রায় ৮০ হাজার মাদক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় আরও বিপুলসংখ্যক মামলা ঝুলে আছে।
তিনি বলেন, প্রচলিত আদালত ব্যবস্থার মাধ্যমে এত বিপুল সংখ্যক মামলার দ্রুত নিষ্পত্তি কঠিন। এ কারণে মাদক মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে। তবে বিশেষ ট্রাইব্যুনালের পাশাপাশি প্রচলিত আদালতেও এসব মামলার বিচার কার্যক্রম চলবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সচেতনতা বৃদ্ধি এবং পুনর্বাসন কার্যক্রম জোরদার করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।ৎ
-টিএস