চিকিৎসক নাফিসা তাবাসসুম ধীপ্রার মৃত্যুকে ঘিরে দায়ের হওয়া মামলার তদন্ত এখন সিআইডির হাতে। আদালতে ওঠা অভিযোগ ও পাল্টা দাবির সত্যতা এখনও তদন্তাধীন। তবে আইনি প্রক্রিয়ার বাইরে এই ঘটনা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা দেখা যাচ্ছে চিকিৎসক সমাজের মধ্যেই।
সামাজিক যোগাযোগমাধ্যম, চিকিৎসকদের বিভিন্ন পেশাজীবী গ্রুপ এবং ব্যক্তিগত আলোচনায় ধীপ্রার মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠে আসছে। অনেক চিকিৎসকের মতে, ঘটনাটি শুধু একটি মৃত্যুর তদন্ত নয়; বরং এটি চিকিৎসকদের ব্যক্তিগত জীবন, মানসিক স্বাস্থ্য এবং পারিবারিক সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে।
চিকিৎসকদের একাংশ বলছেন, দীর্ঘ কর্মঘণ্টা, অতিরিক্ত দায়িত্ব এবং পেশাগত চাপের কারণে অনেক চিকিৎসকই ব্যক্তিগত ও পারিবারিক জীবনে পর্যাপ্ত সময় দিতে পারেন না। ফলে মানসিক চাপ ও সম্পর্কের জটিলতা তৈরি হওয়ার ঝুঁকি থেকে যায়। তাদের মতে, চিকিৎসক হওয়া মানেই একজন মানুষ মানসিক সংকট বা পারিবারিক সমস্যার বাইরে থাকবেন-এমন ধারণা বাস্তবসম্মত নয়।
ধীপ্রার ঘটনাকে ঘিরে আরেকটি বিষয় আলোচনায় এসেছে-মানসিক স্বাস্থ্য। বিশেষ করে সন্তান জন্মের পর নারীদের মানসিক অবস্থার প্রতি পরিবার ও সমাজ কতটা গুরুত্ব দেয়, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেক চিকিৎসক। তারা বলছেন, পোস্ট-পার্টাম ডিপ্রেশন বা সন্তান জন্মের পর বিষণ্নতা একটি বাস্তব স্বাস্থ্য সমস্যা, যা সময়মতো শনাক্ত ও চিকিৎসা না হলে জটিল পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
চিকিৎসকদের কেউ কেউ মনে করেন, ধীপ্রার মৃত্যু ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে তথ্য, অভিযোগ এবং পাল্টা অভিযোগ ছড়িয়েছে, তাতে তদন্ত শেষ হওয়ার আগেই জনমনে নানা ধরনের ধারণা তৈরি হচ্ছে। তাদের মতে, তদন্তের আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয় এবং আইনগত প্রক্রিয়াকে সময় দেওয়া প্রয়োজন।
আবার চিকিৎসক সমাজের আরেক অংশের বক্তব্য, যেকোনো অস্বাভাবিক মৃত্যু বা বিতর্কিত ঘটনার ক্ষেত্রে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শুধু প্রকৃত ঘটনা সামনে আসে না, বরং সমাজের আস্থাও বজায় থাকে।
এই আলোচনার মধ্যেই উঠে আসছে চিকিৎসকদের কর্মপরিবেশের বিষয়টিও। অনেকের মতে, চিকিৎসা পেশায় মানসিক স্বাস্থ্য সহায়তা, কাউন্সেলিং এবং সহকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি আরও শক্তিশালী করা প্রয়োজন। কারণ চিকিৎসকরাও শেষ পর্যন্ত মানুষ, তারাও মানসিক চাপ, পারিবারিক সংকট কিংবা ব্যক্তিগত সমস্যার মুখোমুখি হতে পারেন।
ধীপ্রার মৃত্যু নিয়ে সিআইডির তদন্ত শেষ হলে আইনি সত্য সামনে আসবে। কিন্তু এরই মধ্যে ঘটনাটি চিকিৎসক সমাজে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে-মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা কতটা? পেশাগত চাপের প্রভাব কোথায় গিয়ে পড়ে? আর ব্যক্তিগত সংকটের সময়ে একজন চিকিৎসক কতটা সহায়তা পান?
এসব প্রশ্নের উত্তর হয়তো এই একটি ঘটনার মধ্যেই সীমাবদ্ধ নয়। তবে ধীপ্রা ইস্যু চিকিৎসক সমাজকে নিজেদের পেশাগত ও ব্যক্তিগত বাস্তবতা নিয়ে নতুন করে আলোচনার সুযোগ করে দিয়েছে।
- টিএস