ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে শিগগির কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।
বুধবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে সড়ক নিরাপত্তা বিষয়ে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়নবিষয়ক এক কর্মশালায় তিনি এ তথ্য জানান। ‘ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)’ কর্মসূচির আওতায় ডিএমপি, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে।
আনিছুর রহমান বলেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা, ২০ বছরের বেশি পুরোনো, ফিটনেসবিহীন ও অকেজো যানবাহনের চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যত্রতত্র গাড়ি থামানোও নিয়ন্ত্রণ করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে যানজট ও সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ট্রাফিক আইন ও নির্ধারিত গতিসীমা কার্যকর করার পাশাপাশি সড়কের বাম পাশের লেন সচল রাখা, উল্টোপথে যান চলাচল বন্ধ এবং নির্ধারিত স্থান ছাড়া গাড়ি না থামানো নিশ্চিত করতে ট্রাফিক পুলিশকে আরও সক্রিয় হতে হবে।
গাড়িচালকদের উদ্দেশে তিনি ট্রাফিক আইন ও গতিসীমা মেনে চলার আহ্বান জানান এবং বলেন, চালক, মালিক ও সড়ক ব্যবহারকারীদের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব। এ সময় যানবাহনে জিপিএস প্রযুক্তি চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-ঢাকা উত্তর) আ স ম শামসুর রহমান ভূঁঞা জানান, বিআইজিআরএসের সহায়তায় বিমানবন্দর সড়ক, ৩০০ ফিট সড়ক ও লেক রোডে পাইলট প্রকল্পের মাধ্যমে সড়ক নিরাপত্তা কার্যক্রম শুরু করা হবে। এসব সড়কে গতিসীমা নিয়ন্ত্রণসহ নিরাপত্তাবিষয়ক অন্যান্য বিষয় নিয়মিত তদারকি করা হবে।
কর্মশালায় অতিরিক্ত গতির ঝুঁকি নিয়ে অডিওভিজ্যুয়াল উপস্থাপনা করা হয়। এতে জিআরএসপির সিনিয়র রোড পুলিশিং উপদেষ্টা পিটার জোনসসহ ডিএনসিসি, ভাইটাল স্ট্রাটেজিস, ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট, বিআইজিআরএস এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।