📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
নকআউটে ওঠার দৌঁড়ে এগিয়ে রইলো বসনিয়া
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৯:০৭ এএম
X Advertisement

২০১৪ সালের পর আবারও বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে প্রথমবারের মত নকআউট রাউন্ডে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নামে বসনিয়া এন্ড হার্জেগোভিনা। কাতারের বিপক্ষে জয়ের লক্ষ্যে নেমে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বসনিয়া। কাতারকে ৩-১ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়েছে তারা।

বিশ্বকাপের নতুন নিয়ম অনুযায়ী সেরা ৮টি সেরা তৃতীয় দল রাউন্ড অফ ৩২- এ জায়গা করে নিবে। সেক্ষেত্রে বলাই যায় বসনিয়া বেশ শক্তভাবেই প্রথমবার নকআউট রাউন্ডে ওঠার দৌঁড়ে এগিয়ে রইলো।

আলাবেগোভিচ ও আত্মঘাতী গোলের সুবাদে প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে মাঠ ছাড়ে বসনিয়া। কাতারের হয়ে একটি গোল করেন আল হাইদস। দ্বিতীয়ার্ধে বসনিয়ার হয়ে ব্যবধান বাড়ান মাহমিচ।

ম্যাচের ৯০ সেকেন্ডের মাথায় ভালো একটি সুযোগ পায় বসনিয়া। দেমিরোভিচের বাম পায়ের দূরপাল্লার শট বাম দিকে ঝাপিয়ে পড়ে রুখে দেন কাতারি গোলরক্ষক।

ম্যাচের তিন মিনিটের মাথায় আবারো বসনিয়ানদের আক্রমণ। সুনিজিচ দূরপাল্লার শট আবারো বাম দিকে ঝাপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন কাতারের গোলরক্ষক আবুনাদা।

১৬ মিনিটে আবারো সুযোগ পায় বসনিয়া এবার মিডফিল্ডার বেসিচের শট গোলবারের সামান্য উপর দিয়ে চলে গেলে গোল বঞ্চিত হয় ইউরোপের মুসলিম দেশটি।

বল নিজেদের দখলে নিয়েও যখন গোল পাচ্ছিল না বসনিয়ানরা। তখনই হাইড্রেশন ব্রেকের পর ২৯ মিনিটে ডেডলক ভাঙেন বসনিয়ার ১৮ বছর বয়সী তরুণ আলাবেগোভিচ। ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত শটে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা গোলটি করেন এই তরুণ ফুটবলার।

প্রথম গোলের পাঁচ মিনিট পর আবারও গোল পেয়ে যায় বসনিয়া। ৩৪ মিনিটে ডি বক্সের ভেতর এডিন জেকো ক্রস দিলেও তা কাতারি ডিফেন্ডার আল ব্রেকের পায়ে লেগে বল জালে জড়ালে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বসনিয়া।

আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ বেশ জমে ওঠে। ৩৯ মিনিটে আবারো গোলের সুযোগ পায় বসনিয়া। এবার জাতীয় দলের ১৫০ ম্যাচ খেলতে নামা জেকো ডিবক্সের ভেতর থেকে বা পায়ের জোড়ালো শট নেন কিন্তু গোলরক্ষককে পরাস্ত করলেও ক্রস বারে প্রতিহত হয় তার শট।

দুই গোল খেয়ে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে কাতার। বসনিয়ার ডিফেন্সের উপর চাপ সৃষ্টি করে গোলও আদায় করে নেয় তারা। ম্যাচের ৪২ মিনিটে এডমিলসন জুনিয়রের বাড়ানো ক্রসে বল পায়ে ছোয়া লাগিয়ে জালে জড়ান আল হাইদস।

প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কাতারের পেড্রোর শট ক্রস বারে লেগে ফিরে আসলে সমতায় ফেরা হয়নি এশিয়ার দেশটির।

প্রথমার্ধের শেষ দিকে আরো কিছু গোলের চেষ্টা করলেও দুই দলের কেউই আর গোল পায়নি। ফলে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বসনিয়া।

বিরতি থেকে ফিরে ম্যাচে সমতায় ফেরার চেষ্টা করে কাতার। তবে বল দখলে এগিয়ে থেকে কাতারিদের হতাশাগ্রস্ত করে তোলে বসনিয়ানরা। ৬০ মিনিটে কাতারের আফিফের নেওয়া দূর পাল্লার শট গোলবারের উপর দিয়ে চলে যায়। ৬৩ মিনিটে জেকোর পরিবর্তে মাঠে নামেন মাহমিচ।

ম্যাচের ৮১ মিনিটে এই তরুণ ফুটবলার গোল করে বসনিয়াকে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে দেন। ডি বক্সের ভেতর জটলা থেকে বল নিয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান।

ম্যাচের শেষ দিকে কাতার চেষ্টা করলেও গোলের দেখা আর পায়নি। ফলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে নকআউট রাউন্ডে এক পা দিয়ে রাখলো বসনিয়া। অন্যদিকে টুর্নামেন্টে কোন জয় ছাড়াই বিশ্বকাপ থেকে বিদায় নিল কাতার।

এমএ
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707297 Advertisement: 41053012; 01550707296

E-mail: online@dailyobserverbd.com mailobserverbd@gmail.com
🔝