দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) কক্সবাজারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে অঙ্গীভূত আনসার সদস্যদের সাহসী ও তাৎক্ষণিক অভিযানে সংঘবদ্ধ ডাকাত দলের লুণ্ঠনের চেষ্টা ব্যর্থ হয়েছে। এ সময় বিপুল পরিমাণ লোহাজাতীয় স্ক্র্যাব মালামাল উদ্ধার করা হয়।
বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে মাতারবাড়ীতে অবস্থিত সিপিজিসিবিএল বিদ্যুৎ প্রকল্পের অভ্যন্তরে “টাউনশিপ” এলাকায় আনুমানিক ৬-৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে। গভীর রাতে তারা প্রকল্প এলাকার নিরাপত্তার সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন মূল্যবান লোহাজাতীয় স্ক্র্যাব মালামাল সংগ্রহ করে দেয়াল টপকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়।
এ সময় প্রকল্পের কন্ট্রোল রুমে দায়িত্বরত সদস্যরা সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণকালে দেখতে পান, কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ ভাবে মালামাল বহন করে প্রকল্প এলাকার দেয়াল অতিক্রমের চেষ্টা করছে। বিষয়টি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত অঙ্গীভূত আনসার স্ট্রাইকিং ফোর্সের টহল টিমকে দ্রুত অবহিত করা হয়। আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা আতঙ্কিত হয়ে লুণ্ঠিত মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আনুমানিক ৭০০-৮০০ কেজি লোহাজাতীয় স্ক্র্যাব মালামাল উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় সিপিজিসিবিএল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
এ ঘটনায় প্রকল্প কর্তৃপক্ষ অঙ্গীভূত আনসার সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপ, পেশাদারিত্ব, সাহসিকতা ও দায়িত্বনিষ্ঠ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং তাদের আন্তরিক ধন্যবাদ জানান।
এমএ