ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬ এ দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অ্যাথলেটরা। ট্র্যাক ও ফিল্ডে বিকেএসপির তারকারা স্বর্ণ ও রৌপ্য জয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিয়েছে।
লং জাম্পে অসাধারণ পারফরম্যান্স করে তামিম হোসেন ৭.৫৫ মিটার দূরত্ব অতিক্রম করে স্বর্ণপদক জিতে নেন। একইসঙ্গে ট্রিপল জাম্পেও দারুণ লড়াই করে ১৪.৯৮ মিটার দূরত্ব অতিক্রম করে রৌপ্যপদক অর্জন করেন তিনি। এক আসরে দুই ইভেন্টে পদক জিতে বিকেএসপির হয়ে অন্যতম সেরা পারফরমার হিসেবে আলোচনায় উঠে এসেছেন তামিম।
অন্যদিকে, নারী বিভাগের ১০০ মিটার হার্ডেলসে তাসমিয়া হোসেন দুর্দান্ত গতি ও কৌশলের প্রদর্শনী করে ১৪.৭০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক অর্জন করেন। শুরু থেকেই প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে ফিনিশিং লাইনে প্রথম হয়ে দর্শকদের প্রশংসা কুড়ান তিনি।
এছাড়া, শটপুট প্রতিযোগিতায় আলী আকবর ১৪.৪৫ মিটার দূরত্বে গোলা নিক্ষেপ করে রৌপ্য পদক অর্জন করেন।
শক্তিমত্তা ও ধারাবাহিক পারফরম্যান্সে তিনিও বিকেএসপির সাফল্যের মিছিলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
জাতীয় অ্যাথলেটিক্সের মঞ্চে বিকেএসপির এমন সাফল্যে ক্রীড়াঙ্গনে নতুন আশার আলো ছড়িয়ে পড়েছে। তরুণ অ্যাথলেটদের এই অর্জন ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের জন্য গৌরব বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এআই/এমএ