ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. রাফিন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আপন আলী মাতাব্বর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাফিন ওই এলাকার মো. রুবেলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রাফিনের মা মাঠে ধান শুকাতে দেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি মাঠ থেকে ধান সরাতে ব্যস্ত হয়ে পড়েন। ওই সুযোগে অসাবধানতাবশত শিশু রাফিন পাশের পুকুরে পড়ে যায়।
কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা কোনো অভিযোগ পাইনি।
এইচপি/ এসআর