লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুবক শুভ কুমার দাস (২৮) নিহত হয়েছেন। গতবার সোমবার (১১ মে) রাতে দেশটির মাইফাদুন এলাকায় সংঘাতপূর্ণ অঞ্চলে চলাচলের সময় তিনি ড্রোন হামলার শিকার হন। এ নিয়ে লেবাননে চলমান সহিংসতায় সাতক্ষীরা জেলার মোট তিনজন প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা প্রাণ হারালেন।
নিহত শুভ কুমার দাস সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে। মঙ্গলবার রাতে নিহতের পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, শুভ প্রায় তিন বছর ধরে লেবাননে অবস্থান করছিলেন। সেখানে তিনি একটি বাড়ি ও বাগান দেখাশোনার কাজ করতেন। তার উপার্জনেই চলত পরিবারটি। মঙ্গলবার বিকেলে তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এর আগে জেলায় নিহত অন্য দুই প্রবাসীর পরিবারও মরদেহের অপেক্ষায় দিন কাটাচ্ছে।
বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক কাওছার আজিজ গণমাধ্যমকে জানান, জেলায় তিনটি মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতদের পরিবারকে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে সহায়তার জন্য আবেদন করতে বলা হয়েছে। এরপর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে পরিবারগুলোকে আর্থিক সহায়তার পাশাপাশি মরদেহ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
এমজেডআর/আরএন