প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র রাশেদ প্রধান কর্তৃক তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর বিএনপির উদ্যোগে শহরের নিমতলা মোড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ওপর বিক্ষোভকারীরা রাশেদ প্রধানের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান। এ সময় প্রায় ঘণ্টাব্যাপী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা অনতিবিলম্বে রাশেদ প্রধানকে আইনের আওতায় আনার দাবি জানান এবং এ ধরনের বক্তব্য ভবিষ্যতে সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন।
এইচআর/আরএন