ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি মদসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ৭ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল পৌরসভার শীতলপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় জেসমিন আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার শীতলপাড়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মৃত অবিদ মিয়ার মেয়ে।
পরবর্তীতে তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ১১ বোতল বিভিন্ন ধরনের বিদেশি মদ এবং ৩টি বিয়ার ক্যান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনিন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে তার বিরুদ্ধে আরও মাদকসংক্রান্ত মামলা রয়েছে বলেও তিনি জানান।
এসআরএস/এসআর