সাভারের আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-৪ এর সদস্যরা। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত নোহা গাড়ি।
বুধবার দিবাগত রাত ১টার দিকে এ তথ্য জানিয়েছেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির।
এর আগে বুধবার বিকেল পৌঁণে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত জুয়েল মিয়া (২৩) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আবদার সালেহার বটতলা এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, বুধবার বিকেল ৩টার দিকে ঢাকা থেকে টাঙ্গাইলগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। সে সময় একটি সিলভার রংয়ের নোয়া গাড়ি সিগনাল অমান্য করে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার দিকে দ্রুতবেগে পালানোর চেষ্টা করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা ওই গাড়ির পিছু নিয়ে বিকেল পৌঁণে ৫টার দিকে গাড়িটি থামায়। সে সময় উপস্থিত লোকজনের সামনে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ১২টি পোটলায় রক্ষিত ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার বাজার মূল্য ১০ লক্ষ টাকা বলে জানা গেছে।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির বলেন, 'আটক জুয়েল মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা পাইকারি স্বল্প মূল্যে ক্রয় করে গাজীপুর ও টাঙ্গাইল জেলাসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা ভাবে ক্রয়-বিক্রয় করতেন।
তিনি বলেন, 'এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। ভবিষ্যতে এরূপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।'
এআই/এমএ