ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্বীন ইসলাম (৩৫) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দ্বীন ইসলাম উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিমরাইল গ্রামে একটি সংঘবদ্ধ দল দ্বীন ইসলামকে তার নিজ বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে বুড়ি নদীর ওই পাড়ে কুমিল্লার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
বিষয়টি বাঙ্গরা থানাকে অবহিত করা হলে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, দ্বীন ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে 'তালাশ ক্রাইম দৃষ্টি' নামে একটি পেজ পরিচালনা করতেন এবং বিভিন্ন জায়গায় নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন।
নিহতের বাবা সফিকুল ইসলাম ও মা পারুল বেগম জানান, তাদের ছেলে মাদকসেবন, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করতেন। এসবের কারণে ক্ষুব্ধ হয়ে একটি প্রভাবশালী চক্র পরিকল্পিত ভাবে তাকে হত্যা করেছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, কয়েকজন ব্যক্তি তাকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করে হত্যা করে নদীর ধারে ফেলে রেখেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু এখনো লিখিত কোনো অভিযোগ থানায় জমা দেওয়া হয়নি।
এসআর/এমএ